গাজীপুরের কাপাসিয়ায় বহুল আলোচিত ইদ্রিস হত্যা মামলার একটি সম্পত্তি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে নতুন করে অভিযোগ উঠেছে। সংশ্লিষ্ট একটি বণ্টন মামলার বাদী পক্ষের দাবি, আদালতে মামলা চলমান থাকা সত্ত্বেও এবং স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ থাকার পরও আসামি আব্দুর রব ভূঁইয়া ওরফে রবিন ভূঁইয়া ওই সম্পত্তি অবৈধভাবে বিক্রি করে যাচ্ছেন।সূত্র মতে, ২০২০ সালে এই সম্পত্তি নিয়ে আদালতে বণ্টন মামলা দায়ের করা হয় এবং আদালত স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দেন। কিন্তু সেই নির্দেশ উপেক্ষা করে স্থানীয় একটি প্রভাবশালী চক্রের সহযোগিতায় একের পর এক দলিল সম্পাদনের মাধ্যমে জমি বিক্রির অভিযোগ রয়েছে। এতে কাপাসিয়া সাব-রেজিস্ট্রি (ভূমি) অফিসের কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারীর সংশ্লিষ্টতার কথাও উঠে এসেছে।ভুক্তভোগীদের অভিযোগ, প্রায় ৩২ বিঘা সম্পত্তি শতাধিক দলিলের মাধ্যমে বিক্রি করা হয়েছে এবং বিপুল অর্থ লেনদেন হয়েছে। এমনকি জোরপূর্বক সম্পত্তি নিজের নামে লিখে নেওয়ার মতো গুরুতর অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।এদিকে, ইদ্রিস হত্যা মামলাতেও তার সংশ্লিষ্টতা নিয়ে নানা অভিযোগ রয়েছে। জানা যায়, পরিকল্পিতভাবে হত্যাকাণ্ড সংঘটনের পর আত্মীয়স্বজনকে ফাঁসানোর চেষ্টা করা হয়েছিল, যদিও তা সফল হয়নি।বর্তমানে তিনি রাজধানীর শিদ্দেশ্বরী এলাকায় আত্মগোপনে রয়েছেন বলে জানা গেছে। এছাড়াও তার বিরুদ্ধে চুরি, ছিনতাই, হত্যা, চাঁদাবাজি ও প্রতারণাসহ একাধিক মামলার অভিযোগ রয়েছে।এ পরিস্থিতিতে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী বিচারাধীন সম্পত্তি বিক্রি বন্ধ, অবৈধ দলিল বাতিল এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। পাশাপাশি কাপাসিয়া থানা ও সংশ্লিষ্ট ভূমি অফিসকে বিষয়টি জরুরি ভিত্তিতে তদন্ত করার আহ্বান জানানো হয়েছে।
