ফেনী জেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের রামপুর এলাকায় বাস, অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও পাঁচজন।রোববার (২২ মার্চ) ভোর ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মরদেহ ফেনী সদর হাসপাতাল-এর মর্গে রাখা হয়েছে। হতাহতদের নাম-পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।মহিপাল হাইওয়ে থানার ইনচার্জ আসাদুল ইসলাম জানান, ফেনী-রামপুর এলাকায় সড়কের একটি লেনে সংস্কারকাজ চলছিল। এ সময় একটি অ্যাম্বুলেন্স ধীরগতিতে পার হচ্ছিল। তখন পেছন থেকে শ্যামলী পরিবহনের একটি বাস অ্যাম্বুলেন্সটিকে ধাক্কা দেয়।এ ঘটনাকে কেন্দ্র করে বাস ও অ্যাম্বুলেন্স চালকের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এর ফলে সড়কে যানজট সৃষ্টি হয় এবং পেছনে মোটরসাইকেলসহ আরও কিছু যানবাহন আটকে পড়ে।পরবর্তীতে বেপরোয়া গতিতে আসা দোয়েল পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ওই জটলার মধ্যে ঢুকে পড়ে। এতে বাস, অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলের মধ্যে ত্রিমুখী সংঘর্ষ ঘটে।দুর্ঘটনায় ঘটনাস্থলেই একজন মোটরসাইকেল আরোহী, একটি বাসের সুপারভাইজার এবং এক যাত্রী নিহত হন। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত চলছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
