সাগরপথে মিয়ানমার-এ পাচারের সময় ৯৫০ কেজি আলুসহ একটি জেলেনৌকা জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ ঘটনায় ছয়জন পাচারকারীকে আটক করা হয়েছে।বৃহস্পতিবার রাত আটটার দিকে চট্টগ্রামের বাঁশখালী উপজেলা-র এস এস পাওয়ার প্ল্যান্ট সংলগ্ন সমুদ্র এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।আজ শুক্রবার দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম এ তথ্য নিশ্চিত করেছেন।আটক ব্যক্তিরা হলেন—কক্সবাজারের চকরিয়া এলাকার মো. আরমান (২৫), মাহমুদ হোসেন (৬১), রামুর সাদ্দাম হোসাইন (২০), মহেশখালীর মো. আবদুল খালেক (১৯), রবি আলম (৩২) ও রিদোয়ান (২৮)।কোস্ট গার্ড সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়। এ সময় একটি অবৈধ আর্টিসনাল ট্রলিং বোট জব্দ করা হয়, যা নিষিদ্ধ ট্রলিং জাল ব্যবহার করছিল। বোটটি তল্লাশি করে প্রায় ১ লাখ ২০ হাজার টাকা মূল্যের জাল এবং শুল্ক-কর ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত ৯৫০ কেজি আলু উদ্ধার করা হয়।আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।
