ফেনীর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে রোগীদের চিকিৎসাসেবার বদলে অপারেশন থিয়েটার (ওটি) ব্যবহৃত হচ্ছে রান্নাবান্নার কাজে—এমন গুরুতর অভিযোগ উঠেছে। সম্প্রতি হাসপাতালের ওটির ভেতরে পিঠা তৈরির একটি ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, একজন সিনিয়র স্টাফ নার্স ওটির ভেতরে পিঠা তৈরি করছেন। অভিযোগ অনুযায়ী, এই অনৈতিক কার্যক্রম নতুন নয়; টানা দুই বছর ধরে ওটির ভেতরে রান্নাবান্না চলছে বলে দাবি করেছেন স্থানীয়রা।
স্থানীয়দের অভিযোগ, যেখানে প্রতিদিন গর্ভবতী নারীদের অস্ত্রোপচারসহ গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ চিকিৎসা কার্যক্রম পরিচালিত হয়, ঠিক সেই সংবেদনশীল স্থানেই কয়েকজন জ্যেষ্ঠ নার্স ব্যক্তিগত প্রয়োজনে রান্নাবান্না করছেন। এতে রোগীদের স্বাস্থ্যঝুঁকি বাড়ছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তারা।
অভিযোগে আরও বলা হয়, বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষের অজানা থাকার কথা নয়। তবে এতদিন ধরে চললেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
এদিকে অভিযুক্ত নার্সদের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে। তাদের দাবি, অপারেশন থিয়েটারের ভেতরে রান্নাবান্নার কোনো সুযোগ বা ব্যবস্থা নেই। গ্যাস লাইন, রান্নার সরঞ্জাম কিংবা খাবার প্রস্তুতের আলাদা ব্যবস্থা সেখানে নেই বলেও দাবি করেন তারা। ভাইরাল হওয়া ভিডিওটি বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত বলে মন্তব্য করেন অভিযুক্তরা।
ফেনী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. রোকন উদ্দিন বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনাটি নিয়ে ফেনীজুড়ে আলোচনা-সমালোচনা অব্যাহত রয়েছে। রোগীদের নিরাপত্তা ও হাসপাতালের পবিত্র পরিবেশ রক্ষায় দ্রুত তদন্ত ও দৃষ্টান্তমূলক পদক্ষেপের দাবি জানিয়েছেন সচেতন মহল।
