জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম অভিযোগ করেছেন যে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঐকমত্য কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী মূল সংস্কারগুলো মানছে না।সোমবার (১৬ মার্চ) সন্ধ্যায় রাজধানীর মিরপুর-২ এলাকার ন্যাশনাল বাংলা স্কুল প্রাঙ্গণে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জাতীয় নাগরিক পার্টি ঢাকা মহানগর উত্তর কমিটির আয়োজিত ইফতার ও আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।নাহিদ ইসলাম বলেন, বিএনপি মূল সংস্কারগুলোই মানছে না। তাদের দাবি, দলটি নিজেদের ইশতেহার অনুযায়ী সংস্কার করতে চায়। তিনি বলেন, যদি কেবল বিএনপির ইশতেহার অনুযায়ী সংস্কার করা হয়, তাহলে ঐকমত্য কমিশন গঠন, দীর্ঘ আলোচনা—সবকিছুই ব্যর্থ হয়ে যাবে।তিনি আরও বলেন, বিএনপি বিষয়গুলো ঘুরিয়ে-পেঁচিয়ে বলছে। আগামী অধিবেশনে তাদের কাছ থেকে গণভোট বা গণরায় নিয়ে বিএনপির স্পষ্ট অবস্থান জানতে চাওয়া হবে। তাদের চূড়ান্ত অবস্থান জানার পর এনসিপিও তাদের চূড়ান্ত অবস্থান প্রকাশ করবে।
