দুর্নীতির অভিযোগে দুই স্ত্রীসহ মালয়েশিয়ার সাবেক সেনাপ্রধান আটকমালয়েশিয়ার সামরিক বাহিনীর একটি ক্রয় প্রকল্পে দুর্নীতির অভিযোগে দেশটির সাবেক সেনাপ্রধান মোহাম্মদ হাফিজউদ্দিন জানতান এবং তার দুই স্ত্রীকে আটক করেছে মালয়েশিয়ার দুর্নীতি দমন কমিশন (এমএসিসি)। আটককৃতদের ইতোমধ্যে আদালতে হাজির করা হয়েছে।বার্তা সংস্থা এএফপি ও স্টার মালয়েশিয়ার খবরে জানানো হয়, বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে সাবেক এই শীর্ষ সেনা কর্মকর্তা, তার দুই স্ত্রী এবং আরও দুইজনকে দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তাদের ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে এমএসিসি রিমান্ড আবেদন করে।এমএসিসি জানায়, সেনাবাহিনীর ক্রয় প্রক্রিয়ায় অনিয়ম ও আর্থিক দুর্নীতির তদন্তের অংশ হিসেবেই এই অভিযান পরিচালনা করা হয়েছে। স্থানীয় সময় সকাল ১০টার দিকে দুর্নীতি দমন সংস্থার একটি ভ্যানে করে তাদের আদালতে নেওয়া হয়। একই মামলায় আরেক দম্পতিকে সাত দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।আটকের বিষয়টি নিশ্চিত করে এমএসিসির প্রধান কমিশনার আজম বাকি বলেন, তদন্ত এখনো চলমান রয়েছে। তিনি জানান, “স্বচ্ছতা ও পেশাদারিত্ব বজায় রেখেই তদন্ত কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।”এমএসিসির তথ্যমতে, গত বছরের শেষ দিক থেকে এ মামলার সূত্র ধরে একাধিক প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়েছে। তদন্তের অংশ হিসেবে এক সন্দেহভাজন ব্যক্তি ও তার পরিবারের সদস্যদের ছয়টি ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। তবে সংশ্লিষ্ট ব্যক্তিদের পরিচয় প্রকাশ করা হয়নি।সরকারি সংবাদ সংস্থা বেরনামা জানিয়েছে, এই মামলায় প্রায় ২৪ লাখ রিঙ্গিত (প্রায় ৫ লাখ ৯১ হাজার মার্কিন ডলার) অর্থ পাচারের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে এমএসিসি। সংস্থাটি জানায়, অর্থ স্থানান্তরের সময় সংশ্লিষ্ট একজনকে আটক করা হয়।উল্লেখ্য, দুর্নীতির তদন্ত শুরু হওয়ার পর গত ডিসেম্বর মাসে মোহাম্মদ হাফিজউদ্দিন জানতানকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়। তবে মামলার বিস্তারিত তথ্য এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।
