পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীতে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ঈদের সময় যারা বাসা ফাঁকা রেখে বাইরে যেতে বাধ্য হন, তারা চাইলে স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিসপত্র নিকটস্থ থানায় নিরাপদে জমা রাখতে পারবেন বলে জানিয়েছেন ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার।রোববার (১৫ মার্চ) সকালে রাজধানীর ডিএমপি মিডিয়া সেন্টার-এ আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।তিনি বলেন, ঈদকে সামনে রেখে রাজধানীর চারটি বাস টার্মিনাল, একটি লঞ্চ টার্মিনাল এবং রেলস্টেশন এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে ইউনিফর্ম পুলিশের পাশাপাশি গোয়েন্দা পুলিশও দায়িত্ব পালন করবে। অতিরিক্ত ভাড়া আদায়, টিকিট কালোবাজারি ও যাত্রী হয়রানি ঠেকাতে বিচারিক ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে।ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার জানান, ঈদ উপলক্ষে রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালানো হচ্ছে। ছিনতাইকারী, মাদক কারবারি ও কিশোর গ্যাং সদস্যদের বিরুদ্ধে নিয়মিত ব্লক রেইড পরিচালনা করা হচ্ছে।আইনশৃঙ্খলা রক্ষায় আর্মড পুলিশ ব্যাটালিয়ন, ডগ স্কোয়াড, সোয়াট টিম, বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট এবং মাউন্টেড পুলিশও মাঠে মোতায়েন থাকবে বলে জানান তিনি।মো. সরওয়ার বলেন, যাদের আত্মীয়-স্বজন নেই তারা প্রয়োজনে তাদের স্বর্ণালংকার বা মূল্যবান জিনিসপত্র থানায় নিরাপদে রাখতে পারবেন। প্রয়োজন হলে পুলিশের সহায়তা নিতে কোনো দ্বিধা না করার আহ্বান জানান তিনি।এছাড়া ঈদে বাড়ি ছাড়ার আগে বাসাবাড়ির দরজা-জানালা ভালোভাবে বন্ধ করা, সিসি ক্যামেরা সচল রাখা এবং আশপাশে পর্যাপ্ত আলোর ব্যবস্থা নিশ্চিত করার জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছে ডিএমপি।
