রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে হঠাৎ বজ্রসহ শিলাবৃষ্টিতে তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যার পর শুরু হওয়া ঝড় ও তীব্র শিলাবৃষ্টিতে নগরজীবন কিছু সময়ের জন্য অচল হয়ে পড়ে। রাজধানীর মিরপুর, মোহাম্মদপুর, ধানমন্ডি ও মগবাজারসহ বিভিন্ন এলাকায় বড় আকারের শিলা পড়তে দেখা যায়। ঝড়ের সময় অনেক এলাকায় গাছপালা ভেঙে পড়ার ঘটনাও ঘটে।আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে দমকা হাওয়া, বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।পূর্বাভাসে আরও বলা হয়েছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে প্রথম দিনে রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু স্থানে এবং রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু–এক জায়গায় বৃষ্টি হতে পারে।এ সময় সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
