শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা শিথিলের কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, শিক্ষাগত যোগ্যতা শিথিলের কোনো প্রশ্নই ওঠে না; বরং কয়েক ধাপে যাচাই–বাছাইয়ের মাধ্যমে যোগ্য ব্যক্তিদের নির্বাচন করা হবে।শুক্রবার চাঁদপুর জেলার কচুয়া উপজেলা এলাকায় এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।শিক্ষামন্ত্রী জানান, প্রথমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করবেন সংশ্লিষ্ট ইউএনও, এরপর তা যাচাই করবেন জেলা প্রশাসক (ডিসি)। পরে যাচাই শেষে তিনটি নাম সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডে পাঠানো হবে।তিনি আরও বলেন, কয়েক ধাপের এই যাচাই–বাছাইয়ের মাধ্যমে দেখা হবে প্রার্থীরা শিক্ষিত, সমাজসেবী ও শিক্ষানুরাগী কি না। অনেক ক্ষেত্রে শিক্ষানুরাগী ব্যক্তিদের বিশেষ অবদান থাকে। এমনকি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের মতো শিক্ষিত ও সমাজে অবদান রাখা ব্যক্তিদেরও কীভাবে শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত করা যায়, সে বিষয়েও আলোচনা করা হয়েছে।শিক্ষামন্ত্রীর ভাষায়, উপযুক্ত ও শিক্ষানুরাগী ব্যক্তিদের মাধ্যমেই শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হচ্ছে।
