বাংলাদেশের চলমান জ্বালানি সংকট মোকাবিলায় সহযোগিতার আগ্রহ প্রকাশ করেছে প্রতিবেশী দেশ ভারত ও চীন। এ লক্ষ্যে দুই দেশই বাংলাদেশের সঙ্গে যৌথভাবে কাজ করার আশ্বাস দিয়েছে।সোমবার সচিবালয়ে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর সঙ্গে পৃথক বৈঠক শেষে দুই দেশের রাষ্ট্রদূতরা এ বিষয়ে ইতিবাচক অবস্থানের কথা জানান।সচিবালয়ে অর্থমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন সাংবাদিকদের বলেন, জ্বালানি সমস্যা সমাধানে বাংলাদেশ ও চীন ভবিষ্যতে একসঙ্গে কাজ করবে। তিনি বলেন, বর্তমান পরিস্থিতি মোকাবিলায় চীন বাংলাদেশকে প্রয়োজনীয় জ্বালানি সহায়তা দিতে বিশেষভাবে আগ্রহী।অন্যদিকে, গত রোববার জ্বালানিমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন ভারতের রাষ্ট্রদূত প্রণয় ভার্মা। বৈঠকে জ্বালানি সহযোগিতা বাড়ানোর বিষয়টি গুরুত্ব পায়।সভা সূত্রে জানা গেছে, বিদ্যমান চুক্তির আওতায় ভারতের নুমালিগড় রিফাইনারি লিমিটেড থেকে পাইপলাইনের মাধ্যমে প্রতি মাসে ২০ হাজার টন ডিজেল আমদানির প্রস্তাব দিয়েছে বাংলাদেশ।চলতি বছর এই চুক্তির অধীনে ইতিমধ্যে ৫ হাজার টন ডিজেল দেশে এসেছে। আগামী কয়েক দিনের মধ্যে আরও ৫ হাজার টন ডিজেলের সরবরাহ নিশ্চিত করতে ঢাকা ও দিল্লির মধ্যে নিয়মিত যোগাযোগ চলছে।এ ছাড়া চুক্তিতে থাকা অতিরিক্ত ৬০ হাজার টন ‘অপশনাল’ পরিমাণ থেকেও ডিজেল সংগ্রহের বিষয়ে বাংলাদেশ আগ্রহ প্রকাশ করেছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এ উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের জ্বালানি সংকট কিছুটা হলেও কমতে পারে।
