বিএনপি নেতাকে গ্রেপ্তারের পর ক্রসফায়ারের ভয় দেখিয়ে চাঁদা আদায়ের অভিযোগে আলমগীর হোসাইন নামে শাজাহানপুর থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)কে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।সোমবার (৯ মার্চ) বগুড়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩-এর বিচারক আবু হেনা সিদ্দিকী তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালত পুলিশের পরিদর্শক শহিদুল ইসলাম।মামলা সূত্রে জানা গেছে, ২০১৬ সালের ২৪ ফেব্রুয়ারি শাজাহানপুর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ফজলুল হক উজ্জ্বল-কে আতাইল চৌরাস্তা এলাকা থেকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যান তৎকালীন ওসি আলমগীর হোসাইন। অভিযোগ রয়েছে, ওই রাতেই তাকে ক্রসফায়ারের হুমকি দিয়ে পাঁচ লাখ টাকা দাবি করা হয়।প্রাণ বাঁচাতে উজ্জ্বল লোক মারফত বাড়ি থেকে তিন লাখ টাকা এনে ওসিকে দেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে। পরে বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলায় তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।উল্লেখ্য, সাবেক ওসি আলমগীর হোসাইনকে ২০২২ সালে সরকার বাধ্যতামূলক অবসরে পাঠায়। তার বাড়ি বরিশাল হলেও দ্বিতীয় বিয়ের পর তিনি বগুড়া শহরের খান্দার এলাকায় বসবাস করছিলেন।
