ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ স্মরণে ফুল দিতে গেলে রাজধানীর ধানমন্ডি ৩২-এর দিকে মিছিল নিয়ে যাওয়ার পথে চারজনকে পুলিশ গ্রেপ্তার করেছে। শনিবার সকাল সাড়ে ৬টার দিকে প্রায় ৩০–৪০ জনের একটি দল ধানমন্ডি ২৭ নম্বর সড়ক থেকে ৩২ নম্বরে যাচ্ছিল। পুলিশ বাধা দিলে মিছিল ছত্রভঙ্গ হয়। এই সময় তিন নারী ও এক পুরুষকে কলাবাগান থানা পুলিশ আটক করে। পরে তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়।কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফজলে আশিক জানিয়েছেন, গ্রেপ্তাররা হাতে ফুল নিয়ে মিছিল করছিলেন। দেশের রাজনৈতিক পরিস্থিতি বদলে যাওয়ায় এবার ৭ মার্চে কোনো বড় কর্মসূচির আয়োজন হয়নি।
