দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল-এর রাজবাড়ী জেলা শাখার যুগ্ম আহ্বায়ক এস এম কাওসার মাহমুদকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।বুধবার রাতে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহদপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়ার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বহিষ্কৃত নেতার কোনো ধরনের অপকর্মের দায়দায়িত্ব দল নেবে না। একই সঙ্গে যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীদের তাঁর সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।রাজবাড়ী জেলা যুবদলের সদস্যসচিব মো. আমিনুর রহমান বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ প্রমাণিত হওয়ায় এস এম কাওসার মাহমুদকে বহিষ্কার করা হয়েছে।উল্লেখ্য, তিন দিন আগে রাজবাড়ী সদর উপজেলা-র আলীপুর এলাকায় মাদকবিরোধী অভিযান চালায় সদর থানার পুলিশ। অভিযানের পর জেলা যুবদলের ওই নেতা এক উপপরিদর্শককে (এসআই) মুঠোফোনে কল করেন। পরবর্তীতে পুলিশের ওই কর্মকর্তার সঙ্গে তাঁর কথোপকথনের একাধিক ফোনকলের রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যা নিয়ে সমালোচনার সৃষ্টি হয়।
