প্রধানমন্ত্রী তারেক রহমান বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি নিজ দফতর থেকেই এ উদ্যোগের সূচনা করেন।বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, সকাল ৯টা ১০ মিনিটে সচিবালয়ে নিজ কার্যালয়ে এসে প্রধানমন্ত্রী তাঁর কক্ষের ৫০ শতাংশ লাইট বন্ধ করে দেন এবং শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের তাপমাত্রা ২৫ দশমিক ১ ডিগ্রিতে নির্ধারণ করেন, যাতে বিদ্যুৎ খরচ কম হয়।এছাড়া মন্ত্রিপরিষদ কক্ষে বৈঠকে প্রবেশ করেই তিনি অর্ধেক লাইট বন্ধ এবং এসির মাত্রা কমিয়ে দেওয়ার নির্দেশ দেন। তাঁর এই উদ্যোগের পর সচিবালয়ের ১ নম্বর ভবনে অবস্থিত প্রধানমন্ত্রীর দফতর ও অধীনস্থ বিভাগগুলোর কক্ষেও তাৎক্ষণিকভাবে একই ব্যবস্থা নেওয়া হয়।প্রধানমন্ত্রী দেশের সকল মন্ত্রণালয়, সরকারি-বেসরকারি অফিস, আদালত, শপিংমল ও বিভিন্ন প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহারে সংযমী হওয়ার আহ্বান জানান। পাশাপাশি দিনের বেলায় অপ্রয়োজনীয় লাইট ব্যবহার না করে জানালার পর্দা সরিয়ে প্রাকৃতিক আলো ব্যবহারেরও পরামর্শ দেন তিনি।জ্বালানি সাশ্রয় ও জাতীয় স্বার্থে সচেতনতা বাড়াতে প্রধানমন্ত্রীর এ উদ্যোগকে একটি দৃষ্টান্তমূলক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
