রাজধানীর ওয়ারীর স্বামীবাগ এলাকায় মাদকবিরোধী অভিযানে গুলি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) এক পরিদর্শককে আহত করার ঘটনায় জড়িত অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৩ মার্চ) রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃতরা হলেন—সৈয়দ জিসান আহমেদ, সৈয়দ হাসিবুল হাসান ওরফে পিয়াস, ওমর ফারুক সায়েম এবং সোলায়মান হোসেন চৌধুরী। তাদের কাছ থেকে দুটি পিস্তল, একটি রিভলভার, ২৩টি গুলি, পাঁচটি গুলির খোসা এবং একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।বুধবার (৪ মার্চ) দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ওয়ারী বিভাগের উপকমিশনার (ডিসি) মল্লিক আহসান উদ্দিন সামী।পুলিশ জানায়, ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। আহত ডিএনসি পরিদর্শকের চিকিৎসা চলছে এবং তার অবস্থা স্থিতিশীল বলে জানানো হয়েছে।
