চাঁদাবাজদের তালিকা প্রস্তুত করে দ্রুত তাদের আইনের আওতায় আনার ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।বুধবার (৪ মার্চ) দুপুরে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) হেডকোয়ার্টার্সে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এ নির্দেশনার কথা জানান।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, খুব শিগগিরই দেশব্যাপী অভিযান শুরু হবে, বিশেষ করে ঢাকা থেকে কার্যক্রম শুরু করার পরিকল্পনা রয়েছে। চাঁদাবাজদের একটি তালিকা প্রস্তুত করে আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি অস্ত্রধারী সন্ত্রাসী, দাগি আসামি ও সমাজে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদেরও পৃথক তালিকা প্রণয়ন করা হচ্ছে।তিনি জানান, তালিকা প্রণয়নের ক্ষেত্রে নির্মোহ ও পক্ষপাতহীন অবস্থান নিশ্চিত করা হবে। পর্যালোচনা শেষে দ্রুত তাদের আইনের আওতায় আনা হবে। এই দুটি বিষয়কে অগ্রাধিকার ভিত্তিতে নেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার দেশের শান্তিশৃঙ্খলা বজায় রাখতে এবং আইনের শাসন প্রতিষ্ঠায় সর্বোচ্চ প্রচেষ্টা চালাবে। জনগণের আস্থা ফিরিয়ে আনার ওপর জোর দিয়ে তিনি বলেন, পুলিশকে জনগণের বন্ধু হিসেবে প্রতিষ্ঠিত করাই বর্তমান লক্ষ্য।তিনি আরও বলেন, পূর্ববর্তী সরকারের সময় অন্যান্য প্রতিষ্ঠানের মতো পুলিশ বিভাগও ক্ষতিগ্রস্ত হয়েছিল। সেখান থেকে ধাপে ধাপে ঘুরে দাঁড়ানোর চেষ্টা চলছে। জনগণের সহযোগিতা পেলে পরিকল্পিত কার্যক্রম বাস্তবায়নে সফল হওয়া সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
