ত্রয়োদশ জাতীয় সংসদের আসন্ন প্রথম অধিবেশনকে ঘিরে নিজেদের সংসদ সদস্য ও মন্ত্রিসভার সদস্যদের সংসদীয় রেওয়াজ ও মন্ত্রণালয় পরিচালনায় দক্ষ করে তুলতে বিশেষ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।আগামী ১২ মার্চ সংসদের যাত্রা শুরুর আগে ৬ ও ৭ মার্চ দুই দিনব্যাপী একটি প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে দলটি। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিতব্য এ কর্মশালার উদ্বোধন করবেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।এর আগে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আগামী ১২ মার্চ বেলা ১১টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আহ্বান করেছেন। সেই অধিবেশনকে কেন্দ্র করেই নবনির্বাচিত জনপ্রতিনিধি ও মন্ত্রীদের জন্য এ নিবিড় প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।দলীয় সূত্রে জানা গেছে, এবারের নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে বিজয়ী হওয়া বিএনপির ২০৯ জন সংসদ সদস্যের মধ্যে ১৪৬ জনই প্রথমবারের মতো নির্বাচিত। পাশাপাশি সরকারের মন্ত্রিসভার অনেক মন্ত্রী ও প্রতিমন্ত্রীও এবারই প্রথম সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন।সূত্র জানায়, নতুন এমপি ও মন্ত্রী-প্রতিমন্ত্রীদের অনেকেরই সংসদীয় বিধি-বিধান ও কার্যপ্রণালি সম্পর্কে পূর্ব অভিজ্ঞতা নেই। তাই কর্মশালায় সংসদের কার্যপ্রণালি, আচরণবিধি, বিল প্রণয়ন ও পর্যালোচনা, বাজেট-সংক্রান্ত নথি বিশ্লেষণ এবং সংসদে উপস্থাপনের আগে নীতিগত প্রস্তাব যাচাই-বাছাই বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হবে। অভিজ্ঞ সংসদ সদস্যরা তাদের বাস্তব অভিজ্ঞতা নতুনদের সঙ্গে ভাগ করে নেবেন।
