দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়া–এর রাজধানী লা পাজ–এর কাছে টাকা ভর্তি একটি সামরিক কার্গো বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। ভয়াবহ এ দুর্ঘটনায় মহাসড়কে চলাচলরত একাধিক যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং চারদিকে ছড়িয়ে পড়ে দেশটির জাতীয় মুদ্রা বলিভিয়ানো।ব্রিটিশ সংবাদমাধ্যম The Guardian–এর প্রতিবেদনে জানানো হয়েছে, শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) স্থানীয় সময় এ দুর্ঘটনা ঘটে। বিধ্বস্ত বিমানটি ছিল বলিভিয়ার বিমান বাহিনীর একটি হারকিউলিস কার্গো বিমান। এটি কেন্দ্রীয় ব্যাংক থেকে নতুন ছাপানো নোট দেশের বিভিন্ন শহরে পরিবহন করছিল।প্রত্যক্ষদর্শীরা জানান, বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ব্যস্ত মহাসড়কের ওপর আছড়ে পড়ে। এতে প্রায় এক ডজন যানবাহন ক্ষতিগ্রস্ত হয় এবং কমপক্ষে ১৫টি গাড়ি ভেঙে যায়। দুর্ঘটনার পর সড়কে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে বিমানের ধ্বংসাবশেষ ও হতাহতদের মরদেহ। পাশাপাশি বিপুল পরিমাণ কাগুজে নোট বাতাসে উড়ে আশপাশে ছড়িয়ে পড়ে, যা স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি করে।পরে অগ্নিনির্বাপক বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। নিহতদের মধ্যে বিমানের ক্রু সদস্য ও সড়কে থাকা সাধারণ মানুষ রয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
