ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)-এর সাবেক কমিশনার হাবিবুর রহমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। বুধবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন।আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্নীতি ও নিয়োগ বাণিজ্যের মাধ্যমে অবৈধ সম্পদ অর্জন এবং বিদেশে অর্থ পাচারের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ নিষেধাজ্ঞা জারি করেন।দুদকের উপসহকারী পরিচালক আবু মোহাম্মদ আনোয়ারুল মাসুদ হাবিবুর রহমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। আবেদনে উল্লেখ করা হয়, তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানাধীন রয়েছে। দুদকের কাছে তথ্য রয়েছে যে, তিনি দেশত্যাগ করে অন্য দেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। বিদেশে গেলে অনুসন্ধান কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে বলেও আবেদনে উল্লেখ করা হয়।উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর তৎকালীন ডিএমপি কমিশনার হাবিবুর রহমানকে আর খুঁজে পাওয়া যায়নি। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় দুই শতাধিক হত্যা ও হত্যাচেষ্টাসহ মানবতাবিরোধী অপরাধের মামলা রয়েছে।
