বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে তদন্ত চলমান থাকায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মুখ্য সচিব ও জামালপুর-৫ আসনের সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ–এর দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। একইসঙ্গে স্বর্ণ চোরাচালান, ক্যাসিনো ব্যবসা, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে পুলিশের সাবেক অতিরিক্ত উপ-কমিশনার এস এম শিবলী নোমান–এর বিদেশযাত্রাতেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুদকের পৃথক দুই আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।দুদকের সহকারী পরিচালক নাছরুল্লাহ হোসাইন আবুল কালাম আজাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। আবেদনে বলা হয়, তার বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগের অনুসন্ধান চলছে এবং তিনি দেশ ছেড়ে বিদেশে পালিয়ে যেতে পারেন—এমন আশঙ্কা রয়েছে। সুষ্ঠু তদন্তের স্বার্থে তার বিদেশ গমনে নিষেধাজ্ঞা প্রয়োজন বলে উল্লেখ করা হয়।অন্যদিকে, এস এম শিবলী নোমানের বিরুদ্ধে স্বর্ণ চোরাচালান, ক্যাসিনো ব্যবসা ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান অব্যাহত রয়েছে। তদন্ত প্রক্রিয়া নির্বিঘ্ন রাখতে তার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।এ ঘটনায় দুদকের অনুসন্ধান কার্যক্রম চলমান রয়েছে বলে জানা গেছে।
