খাদ্য ও ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, এবারের গণভোট ও জাতীয় নির্বাচনে দেশের গণতন্ত্র আরও শক্তিশালী হবে। দেশের মানুষ দীর্ঘদিন ধরে ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। ১৭ বছর দেশে কোনো অংশগ্রহণমূলক নির্বাচন হয়নি। তবে আমরা বিশ্বাস করি, সেই অধ্যায়ের অবসান ঘটতে যাচ্ছে। একই দিনে গণভোট ও জাতীয় নির্বাচন হলে দেশের গণতান্ত্রিক কাঠামো আরও সমৃদ্ধ হবে।
সোমবার (৫ জানুয়ারি) দুপুরে কুমিল্লা টাউন হল মাঠে ভোটের গাড়ি উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আলী ইমাম মজুমদার বলেন, যাদের বয়স ৩০ কিংবা ৩৫ বছর হয়েছে, তারা বিগত ১৭ বছরে ভোটাধিকার প্রয়োগের সুযোগ পায়নি। ‘এবার দেশের চাবি আপনার হাতে’ এ স্লোগানকে সামনে রেখে গণভোট বিষয়ে জনসচেতনতা বাড়াতে কার্যক্রম শুরু করেছে অন্তর্বর্তী সরকার।
গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিলে কী পাওয়া যাবে এবং ‘না’ ভোট দিলে কী পাওয়া যাবে না—এ বিষয়গুলো জনগণের সামনে স্পষ্ট করতেই এই উদ্যোগ। গণভোট নিয়ে প্রচারের লক্ষ্যে প্রধান উপদেষ্টার কার্যালয়ের উদ্যোগে গঠন করা হয়েছে ‘গণভোট বিষয়ে জনসচেতনতামূলক প্রচার কার্যক্রম’ সেল।
উপদেষ্টা বলেন, আমরা চাই, গোটা বাংলাদেশে একটি সত্যিকারের অংশগ্রহণমূলক নির্বাচন হোক। যেখানে জনগণ নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে।
এ সময় উপস্থিত ছিলেন- কুমিল্লা জেলা প্রশাসক মো. রেজা হাসান, সদর সার্কেল পুলিশ সুপার সাইফুল মল্লিকসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।
