আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া কোনোভাবেই ধীরগতি বা বাধাগ্রস্ত না হয়—এমন আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব ও রংপুর-৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আখতার হোসেন।বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-এ মামলার অগ্রগতি সম্পর্কে জানতে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।আখতার হোসেন বলেন, ট্রাইব্যুনালের বিচারকে গতিশীল রাখতে প্রয়োজনীয় লজিস্টিক সহায়তা নিশ্চিত করা বর্তমান সরকারের দায়িত্ব। নির্বাচিত সরকারকে দায়িত্ব নিয়েই বিচার প্রক্রিয়ার সার্বিক সহায়তা দিতে হবে, যাতে বিচার কার্যক্রমে কোনো ধরনের বিঘ্ন না ঘটে।তিনি আরও বলেন, আন্দোলনের সম্মুখভাগে থেকে যারা জনতার দায়িত্ব কাঁধে নিয়েছেন, তাদের প্রধান কর্তব্য হলো দেশের সংস্কার কার্যক্রম বাস্তবায়ন এবং বিচার নিশ্চিত করা। বিচার প্রক্রিয়াকে কার্যকর ও ফলপ্রসূ করতে রাজনৈতিক সদিচ্ছা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।সংস্কার প্রসঙ্গে তিনি দাবি করেন, বিএনপি সরকারের মধ্যে যে দোদুল্যমানতা রয়েছে, তা যেন ট্রাইব্যুনালের বিচার কার্যক্রমে প্রভাব না ফেলে। জনগণ দেশের স্বার্থে গণভোটে সংস্কারের পক্ষে অবস্থান নিয়েছে উল্লেখ করে তিনি বলেন, এত বড় জনগোষ্ঠীর প্রত্যাশা উপেক্ষা করার সুযোগ নেই। জনচাপের মুখে সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণে সরকার বাধ্য হবে বলেও মন্তব্য করেন তিনি।
