আসন্ন পবিত্র মাহে রমজানকে কেন্দ্র করে রাজধানীর সার্বিক নিরাপত্তা, আইন-শৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে বিপণি বিতান ও ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে সমন্বয় সভা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ১১টায় ডিএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ আনিছুর রহমান।সভায় ঢাকা মহানগর এলাকার বিভিন্ন বিপণি বিতান ও শপিংমলের নিরাপত্তা জোরদার, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং রমজানকালে যানজট নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ আনিছুর রহমান ব্যবসায়ী প্রতিনিধিদের উদ্দেশে বলেন, পবিত্র রমজান মাসে ক্রেতাদের উপস্থিতি বৃদ্ধি পাওয়ায় সড়কে অতিরিক্ত চাপ সৃষ্টি হয়। এ সময় যানজট নিরসনে অতিরিক্ত ট্রাফিক পুলিশ মোতায়েন করা হবে। তিনি আরও বলেন, সড়কে যানজট এড়াতে এবং পথচারীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে ফুটপাত দখলমুক্ত রাখতে হবে। এ কাজে পুলিশের পাশাপাশি ব্যবসায়ী ও বিপণি কর্তৃপক্ষকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।তিনি প্রতিটি শপিংমলের সামনে ও আশপাশে স্বেচ্ছাসেবক মোতায়েনের আহ্বান জানান, যাতে যানবাহন পার্কিং, ক্রেতাদের চলাচল ও সার্বিক শৃঙ্খলা বজায় থাকে।সভায় উপস্থিত ব্যবসায়ী প্রতিনিধিরা রমজানকে সামনে রেখে ডিএমপির সঙ্গে সমন্বয় রেখে কাজ করার আশ্বাস দেন।
