গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলায় নির্বাচন-পরবর্তী সহিংসতায় বিএনপির এক কর্মীকে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে জামায়াত ও শিবিরের দুই কর্মীর বিরুদ্ধে।রোববার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার সরদারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন—বিএনপি কর্মী দেলোয়ার শেখ (৩৮), তার স্ত্রী আমেনা বেগম (২৬) ও ভাতিজা কাউসার শেখসহ মোট পাঁচজন। এর মধ্যে তিনজনকে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।ভুক্তভোগীদের দাবি, প্রধান দুই অভিযুক্ত জিয়ারুল মোল্লা (২৮) জামায়াত কর্মী এবং দিন ইসলাম মোল্লা (২৫) শিবির কর্মী। জিয়ারুল সরদারপাড়া গ্রামের সিদ্দিক মোল্লার ছেলে এবং দিন ইসলাম একই গ্রামের জামসেদ মোল্লার ছেলে।এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয় পুলিশ জানায়, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
