ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবেরসহ আহত নেতাকর্মীদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গেছেন জামায়াতে ইসলামীর নেতারা।শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে হাসপাতালে যান জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ড. মোশাররফ হোসেন মাসুদ, পল্টন থানা জামায়াতের আমির শাহিন আহমেদ খানসহ অন্যান্য নেতাকর্মীরা।এ সময় জামায়াত নেতারা আহতদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তাদের প্রতি সহমর্মিতা ও সমবেদনা প্রকাশ করেন। পাশাপাশি দ্রুত আরোগ্য কামনা করেন।হাসপাতালে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। তিনি বলেন, গণতান্ত্রিক আন্দোলনকারীদের ওপর পুলিশের লাঠিচার্জ, জলকামান ও টিয়ারগ্যাস নিক্ষেপের ঘটনা ন্যক্কারজনক। বিশেষ করে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের ও রাকসুর জিএস আম্মারের আহত হওয়ার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক।তিনি এ ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি করে বলেন, দায়ী পুলিশ সদস্যদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে আহতদের সুচিকিৎসা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তিনি।
