চট্টগ্রামের মিরসরাইয়ে সপ্তম শ্রেণির এক ছাত্রীকে নেশাজাতীয় দ্রব্য সেবন করিয়ে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।রোববার (১ ফেব্রুয়ারি) রাতে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে বারইয়ারহাট কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইমাম হোসেন (২৫) কে আটক করা হয়। তিনি বারইয়ারহাট পৌরসভার জামালপুর গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে।পুলিশ জানায়, ভুক্তভোগী কিশোরীর মা বাদী হয়ে শনিবার (৩১ জানুয়ারি) রাতে জোরারগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। মামলায় আরও দুইজন—হৃদয় (২৫) ও রানা (২৭)—কে আসামি করা হয়েছে।মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ২৬ জানুয়ারি সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অভিযুক্তরা কিশোরীকে বারইয়ারহাট পৌরসভার জামালপুর গ্রামের শাহজাহানের বাড়ির পাশের পুকুরপাড় সংলগ্ন একটি বাগানে নিয়ে যায়। সেখানে তাকে নেশাজাতীয় দ্রব্য সেবন করিয়ে পালাক্রমে ধর্ষণ করা হয়। ঘটনার পর বিষয়টি কাউকে জানালে প্রাণনাশের হুমকি দিয়ে তারা পালিয়ে যায়।পরবর্তীতে ঘটনা জানাজানি হলে মামলা না করার জন্য ভুক্তভোগীর পরিবারকে চাপ প্রয়োগ করা হয় বলেও অভিযোগ রয়েছে।এ বিষয়ে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক জানান, গণধর্ষণের ঘটনায় তিনজনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। মামলার এজাহারনামীয় আসামি ইমাম হোসেনকে গ্রেফতার করা হয়েছে এবং বাকি দুই আসামিকে গ্রেফতারের জন্য অভিযান চলছে।
