নারায়ণগঞ্জের আড়াইহাজারে ছাত্রদলের সাবেক এক নেতার গাড়িতে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় গাড়ির জানালার কাঁচ ভেদ করে দুটি গুলি ভেতরে ঢুকলেও কেউ আহত হননি।রোববার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আড়াইহাজার পৌরসভার বাইপাস সড়কে এ ঘটনা ঘটে।গুলির লক্ষ্যবস্তু মাহমুদপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও থান কাপড়ের ব্যবসায়ী আমির হোসেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আমির হোসেন তার এক বন্ধুকে সঙ্গে নিয়ে নিজ গাড়িতে করে আড়াইহাজার সদর এলাকা থেকে মাহমুদপুরে নিজ বাড়িতে যাচ্ছিলেন। এ সময় বাইপাস সড়কে পৌঁছালে অন্ধকারের সুযোগ নিয়ে চলন্ত মোটরসাইকেলে থাকা অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা তার গাড়িকে লক্ষ্য করে পরপর দুটি গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়।গুলির মধ্যে একটি গাড়ির সামনের কাঁচ এবং অন্যটি পাশের জানালার কাঁচ ভেদ করে ভেতরে প্রবেশ করে। তবে ভাগ্যক্রমে গাড়িতে থাকা কেউ গুলিবিদ্ধ হননি।খবর পেয়ে আড়াইহাজার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করেছে এবং তদন্ত শুরু করেছে। এ ঘটনায় নিজের নিরাপত্তা ও আইনগত সহায়তা চেয়ে ভুক্তভোগী আমির হোসেন মামলা করার প্রস্তুতি নিচ্ছেন বলে তার ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে।
