ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর–বিজয়নগর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের খেলাপি ঋণের পরিমাণ ১ হাজার ৪০৭ দশমিক ৮২ কোটি টাকা। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।টিআইবি গত ২২ জানুয়ারি ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নির্বাচনী হলফনামায় প্রার্থী পরিচিতি’ শীর্ষক প্রতিবেদন প্রকাশ করে। এতে নবম জাতীয় সংসদ নির্বাচন থেকে শুরু করে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত মোট পাঁচটি সংসদ নির্বাচনে প্রার্থীদের দাখিলকৃত হলফনামার তথ্য তুলনামূলকভাবে বিশ্লেষণ করা হয়েছে।প্রতিবেদন অনুযায়ী, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের আর্থিক অবস্থা, বার্ষিক আয়, ঋণ ও দায়, অতীতে মামলা থাকার তথ্যসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হয়েছে। পাশাপাশি নির্বাচনে অংশ নেওয়া দল ও প্রার্থীর সংখ্যা, ইসলামী ও অন্যান্য দলের প্রার্থী সংখ্যা, নারী ও পুরুষ প্রার্থীর অনুপাতসহ বিস্তৃত পরিসংখ্যান উপস্থাপন করা হয়েছে।হলফনামা বিশ্লেষণের পদ্ধতিপ্রতিবেদন তৈরির ক্ষেত্রে ত্রয়োদশ সংসদ নির্বাচনে অংশ নেওয়া সকল প্রার্থীর হলফনামা নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে পিডিএফ আকারে সংগ্রহ করা হয়। প্রায় ২ হাজার ৪০০টি পিডিএফ হলফনামার তথ্য KoboToolbox-এর মাধ্যমে তৈরি ডেটা ফর্ম ব্যবহার করে প্রশিক্ষিত ডেটা অ্যাসিসট্যান্টদের একটি দল সম্পূর্ণভাবে ডিজিটাল রূপে রূপান্তর করে।পরবর্তীতে এসব তথ্য টিআইবি’র ‘হলফনামায় প্রার্থী পরিচিতি’ ইন্টারঅ্যাক্টিভ ড্যাশবোর্ডে সংরক্ষিত নবম, দশম, একাদশ ও দ্বাদশ সংসদ নির্বাচনের তথ্যের সঙ্গে তুলনামূলকভাবে বিশ্লেষণ করা হয়।টিআইবি মনে করে, প্রার্থীদের আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে এমন বিশ্লেষণ ভোটারদের সচেতন সিদ্ধান্ত নিতে সহায়ক ভূমিকা রাখবে।
