দলীয় শৃঙ্খলা পরিপন্থি কার্যকলাপের অভিযোগে নাটোরের সিংড়ায় বিএনপির আরও ১০ নেতাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।বৃহস্পতিবার নাটোর জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ ও সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ স্বাক্ষরিত পৃথক দশটি প্রেস বিজ্ঞপ্তিতে এ বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছে জেলা বিএনপি।বহিষ্কৃত বিএনপি নেতারা হলেন- সিংড়া উপজেলার হাতিয়ান্দহ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শামীম হোসেন, শেরকোল ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম রাসেল, তাজপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বেনজির আহমেদ, শুকাস ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, ছাতারদীঘি ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব ফেরদৌস আলম, সিংড়া পৌর বিএনপির সদস্য গোলাম সারোয়ার, সদস্য খালেকুজ্জামান, উপজেলা বিএনপির সদস্য মিজানুর রহমান মজনু, সদস্য সবুজ মাহমুদ, সদস্য মিজানুর রহমান মিজান।প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কার্যকলাপ ও দলীয় নির্দেশ অমান্য করে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-৩ সিংড়া আসনের বিএনপি মনোনীত প্রার্থী অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনুর বিরুদ্ধে অবস্থান গ্রহণ ও দল থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী দাউদার মাহমুদের নির্বাচনি প্রচারণায় সরাসরি সম্পৃক্ত থাকার কারণে প্রাথমিক সদস্যসহ সব পদ-পদবি থেকে উল্লেখিত ১০ বিএনপি নেতাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।এর আগে বুধবার একই কারণে পৌর বিএনপির সদস্য সচিব তাইজুল ইসলাম, উপজেলার রামানন্দ খাজুরা ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক চয়েন উদ্দিন, ডাহিয়া ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক ইব্রাহিম হোসেন ও উপজেলা যুবদলের আহ্বায়ক হাবিবুর রহমানকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়।
